মধ্যপ্রাচ্য জয় করে এখন ইউরোপ-আমেরিকার আকাশে ওড়ার পরিকল্পনা
১৯টি এয়ারক্রাফট দিয়ে ১৯টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা নয়টি বছর। ১৭ জুলাই ২০২৩ ইউএস-বাংলা এয়ারলাইন্স ১০ম বর্ষে পদার্পণ করছে।
১৭ জুলাই ২০১৪ ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশের আকাশপথে যাত্রা শুরু করে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম এক বছরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে সকল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে স্বল্পতম সময়ে আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে সূদৃঢ় করেছে ইউএস-বাংলা।
অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা যাত্রা শুরুর দু’বছরের মধ্যে ১৫ মে ২০১৬ তারিখে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে। ইউএস-বাংলার আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে রয়েছে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু।
নিকট ভবিষ্যতে দিল্লী, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চলতি বছর ইউএস-বাংলার বিমান বহরে ৬টি ওয়াইডবডি এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৪ সালের মধ্যে লন্ডন, রোম সহ ইউরোপের বিভিন্ন গন্তব্য ও ২০২৫ সালের মধ্যে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।







